সৈয়দপুর
গুদাম সিলগালা, তবু উধাও ৯৯ টন কীটনাশক

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীর সিলগালা করা গুদাম থেকে প্রশাসনের জব্দকৃত ২ কোটি টাকার ৯৯ মেট্টিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত ৩ সদস্যের তদন্ত দল গুদাম ও আশপাশের অন্যান্য গুদাম ও এলাকা পর্যবেক্ষণ করেন।
বিসিকের পরিচালক আরিফুল হকের নেতৃত্বে তদন্ত দলে আরও ছিলেন জেনারেল ম্যানেজার ফরহাদ হোসেন ও সারোয়ার হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন নীলফামারীর উপ-পরিচালক নুরেল হক, সৈয়দপুর শিল্প নগরী কর্মকর্তা মশিউর রহমান, সৈয়দপুর বিসিক শিল্প নগরীর শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কালাম মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, থানার এসআই ঋষিকেশ চন্দ্র বর্মণ ও এসআই মনিরুজ্জামান।
জানা যায়, বিগত ২০২৪ সালের ২৫ জুন সৈয়দপুর বিসিক শিল্প নগরী কর্মকর্তার কার্যালয়ের সামনে একটা গুদাম থেকে সরকার নিষিদ্ধ এসিআই কোম্পানির বিফার ৫ জি বালাইনাশক গোপনে সরিয়ে ফেলার সময় প্রশাসন অভিযান চালায়। এ সময় ট্রাকে লোড করা ও গুদামে সংরক্ষণ করে রাখা মোট ৯৯ মেট্টিক টন কীটনাশক আটক করা হয়। পরে ট্রাক থেকে নামিয়ে সব কীটনাশক জব্দ করে গুদামে রেখে সিলগালা করা হয়।